১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের জন্য আসছে লম্বা ছুটি

শেয়ার করুন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে শুরু হতে যাচ্ছে লম্বা ছুটি। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২৪ মে থেকে ছুটি শুরু হলেও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে অধিকাংশ শিক্ষার্থী ২২ মে থেকেই টানা ছুটিতে যেতে পারবে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে ছুটি কার্যকর হবে। তবে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই অধিকাংশ প্রতিষ্ঠানের শেষ ক্লাস অনুষ্ঠিত হবে।

প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার থেকে পাঠদান শুরু হবে। এতে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের বিরতি পাচ্ছে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষাপঞ্জিতে আরও দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার শ্রেণিকক্ষ খুলবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের টানা অবকাশ উপভোগের সুযোগ পাবে।

জুনের পর জুলাই মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের সরকারি ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকবে।

এছাড়া আগস্টে জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সেপ্টেম্বর মাসেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

শেয়ার করুন