
মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে সতীর্থদের সঙ্গে নিয়ে ৩৯তম জন্মদিনের কেক কেটেছিলেন মুশফিকুর রহিম। ব্যাট হাতে নিজের বিশেষ দিনটিকে আরেকটু রাঙিয়ে তুললেন বাংলাদেশের ‘মিস্টার ডিফেন্ডেবল’। মুশফিক টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। তবে আরেকটি রেকর্ডে ছাড়িয়ে গেলেন স্বদেশি সব ব্যাটারকে। ভেঙেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালের কীর্তি।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চলছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এই ম্যাচ শুরুর আগে টেস্টে টাইগার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪২টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার রেকর্ড ছিল যৌথভাবে তামিম ও মুশফিকের। সতীর্থ ও বিসিবির বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতিকে ছাড়িয়ে গেলেন মুশি। তামিমকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে আছেন মুমিনুল হকও। টেস্টে তার পঞ্চাশোর্ধ রানের ইনিংস ৩৯টি।
চলমান মিরপুর টেস্টের প্রথম দিনেই হাফসেঞ্চুরির পথে ছিলেন মুশফিক। অপরাজিত ছিলেন ৪৮ রানে। আজ (শনিবার) দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারে শাহিন আফ্রিদির বলে মুশফিক সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন। ভালো শুরুও পেয়েছেন অপর সঙ্গী লিটন দাসও। টানা তিনটি চার হাঁকান আফ্রিদির এক ওভারে। যদিও টিকতে পারেননি বেশিক্ষণ। স্লিপে একবার জীবন পেলেও মুহাম্মদ আব্বাসের বলে বিলাসী শট খেলার চেষ্টায় ৬৭ বলে ৩৩ রানে তালুবন্দী হয়েছেন লিটন।
এরপর একটি করে চার-ছক্কায় ১০ রান করে ইমাম-উল-হককে ক্যাচ শিখিয়ে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। তিনিও আব্বাসের শিকার। এই মুহূর্তে মুশফিক ১৬৩ বলে ৮টি চারের সাহায্যে ৬৮ এবং তাইজুল ৩ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৬৩ রান। আগেরদিন নাজমুল হোসেন শান্ত রেকর্ড ১০১ এবং মুমিনুল হক ৯১ রানে হতাশা নিয়ে ফেরেন।