৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

শেয়ার করুন

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি এ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ১৩১ বার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা উল্লেখ করা হলেও বাংলাদেশের কথা আছে মাত্র ৬ বার-দাবি রিটকারী আইনজীবীদের।

সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম ও জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। এতে আরও উল্লেখ করা হয়, চুক্তিটি আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় বিবাদীরা ব্যর্থ হয়েছে।

রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের ওপর আরোপিত অসামঞ্জস্যপূর্ণ দায়, প্রতিকূল শুল্ক ব্যবস্থা, নিয়ন্ত্রক স্বায়ত্তশাসনের অবক্ষয়, দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষার সম্ভাব্য ক্ষতি সম্পর্কে উদ্বেগ উত্থাপন করে চুক্তিটির সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে রিটে।

রিটকারী আইনজীবীরা জানান, হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ সংক্রান্ত শুনানির জন্য বিষয়টি উপস্থাপন করা হবে।

শেয়ার করুন