৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটি শহরজুড়ে ময়লার স্তূপ, চরম দুর্ভোগে নগরবাসী

শেয়ার করুন

অহিদুল ইসলাম অভি, বিশেষ প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটি পৌরসভার বর্জ্য সংগ্রহ কার্যক্রম বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল থেকে বন্ধ থাকায় শহরের বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনার স্তূপ জমে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ডাম্পিং স্টেশনে বর্জ্য ফেলাকে কেন্দ্র করে স্থানীয়দের বাধার মুখে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শহরের প্রবেশমুখে রেডিও স্টেশন সংলগ্ন পৌর ডাম্পিং স্টেশনটি ২০০১ সাল থেকে ব্যবহার হয়ে আসছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর আশপাশে ঘনবসতি গড়ে ওঠায় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যঝুঁকির অভিযোগ করে আসছেন। বিশেষ করে পর্যটননির্ভর এই শহরে প্রবেশের মুখে এমন পরিস্থিতি ভ্রমণকারীদেরও বিব্রত করছে।

ডাম্পিং স্টেশনটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে স্থানীয়রা গত কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে এলাকাবাসী ডাম্পিং স্টেশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং সেখানে বর্জ্য ফেলা বন্ধ করে দেন। ফলে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।

পৌরসভা সূত্রে জানা যায়, ডাম্পিং স্টেশনে বর্জ্য ফেলতে গেলে সেবাকর্মীরা বাধা ও হামলার শিকার হচ্ছেন। এ অবস্থায় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার সুযোগ না থাকায় বুধবার সকাল থেকে শহরের কোথাও বর্জ্য সংগ্রহে যাননি কর্মীরা।

এদিকে, ডাম্পিং স্টেশন থেকে বর্জ্য কাপ্তাই হ্রদে গিয়ে পড়ার আশঙ্কা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বর্জ্য আটকে রাখতে লোহার নেট স্থাপনের একটি উদ্যোগ থাকলেও তা বাস্তবায়ন হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বর্ষা মৌসুমে এ ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে শহরের প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকাগুলোতে ময়লার স্তুপ জমে থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এতে জনস্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সচেতন মহল।

শেয়ার করুন