২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি

শেয়ার করুন

বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, সোশ্যাল অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদের বরণ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকারকে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে আনার পরিকল্পনা রয়েছে। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ জন্য বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদের পদত্যাগের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

ইসহাক সরকার আগে ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি তিন শতাধিক মামলার আসামি হন। পরে কয়েকটি মামলায় আদালত থেকে খালাস পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তিনি। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কৃত হন।

একই অনুষ্ঠানে যোগ দেওয়া মহিউদ্দিন রনি রেল খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। আর নুরুজ্জামান কাফি সামাজিক সচেতনতামূলক ভিডিও নির্মাণ করে পরিচিতি লাভ করেন।

দলটির নীতিনির্ধারকেরা মনে করছেন, নতুন এ অন্তর্ভুক্তি এনসিপির সাংগঠনিক শক্তি আরও জোরদার করবে।

শেয়ার করুন