
এস এম শাহরিয়ার, খুলনা:
জলবায়ু পরিবর্তনজনিত ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত অভিবাসীদের জন্য সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এক মিডিয়া অ্যাডভোকেসি সভা বুধবার (২২ এপ্রিল)খুলনা প্রেসক্লাবের শহিদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চল এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকার মানুষ ভিটামাটি হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছে। এতে শুধু একটি পরিবার নয়, পুরো সামাজিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলায় বাধ্য হয়ে অনেকেই শহরমুখী হচ্ছে, বিশেষ করে খুলনার মতো শহরে চাপ বাড়ছে।
বক্তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চলে মৌলিক চাহিদা পূরণের সুযোগ বাড়ানো গেলে শহরমুখী অভিবাসন কমানো সম্ভব। একই সঙ্গে গণমাধ্যম জনমত গঠন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই জলবায়ু অভিবাসীদের বাস্তবতা তুলে ধরে অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুয়েটের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডল।
সভায় সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং খুলনা সিটি কর্পোরেশনের চারটি ওয়ার্ডের কমিউনিটি লিডাররা অংশ নেন।
আয়োজকরা জানান, সভার উদ্দেশ্য ছিল জলবায়ু অভিবাসীদের সমস্যা ও অধিকার সম্পর্কে গণমাধ্যমকর্মীদের সচেতনতা বৃদ্ধি, সামাজিক সুরক্ষা কর্মসূচির সীমাবদ্ধতা তুলে ধরা এবং তথ্যভিত্তিক ও দায়িত্বশীল প্রতিবেদন তৈরিতে গণমাধ্যমকে উৎসাহিত করা। পাশাপাশি গণমাধ্যম, সরকার ও সুশীল সমাজের মধ্যে সংলাপের ক্ষেত্র তৈরি করাও ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।