
নোবিপ্রবি প্রতিনিধি:
প্রথমবারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘ইএসডিএম এলামনাই এসোসিয়েশন’ গঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) নিজ বিভাগে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১ বছরের এর জন্য একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী সোবেল আহসান চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২য় ব্যাচের শিক্ষার্থী তানভীর নেওয়াজ পিয়াস। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ (১ম), যুগ্ম-সাধারণ সম্পাদক সুজিত রয়, কোষাধ্যক্ষ নিশাত জেরিন নিশি। এছাড়াও বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের সমন্বয়ে ১৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
সাধারণ সম্পাদক তানভীর নেওয়াজ পিয়াস তার প্রতিক্রিয়ায় বলেন, “মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এবং ইএসডিএম পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার জন্য। এই সংগঠনের প্রধান উদ্দেশ্য প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সুদৃঢ় যোগাযোগ স্থাপন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত জীবনের চ্যালেঞ্জসমূহ সম্মিলিতভাবে মোকাবিলা করা। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দিকনির্দেশনা প্রত্যাশা করছি।”
নবনির্বাচিত সভাপতি সোবেল আহসান চৌধুরী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য এক বিরাট সম্মান ও সৌভাগ্যের বিষয়। এটি শুধুমাত্র একটি সংগঠন গঠনের উদ্যোগ নয়; বরং এটি ঐক্য, দায়িত্ববোধ এবং সম্মিলিত অবদানের এক নতুন ও স্থায়ী প্ল্যাটফর্মের সূচনা।
আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরাই আমাদের সবচেয়ে বড় শক্তি।আমরা বিশ্বাস করি, একসাথে কাজ করার মাধ্যমে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান শিক্ষার্থী এবং বৃহত্তর সমাজের মধ্যে একটি শক্তিশালী ও অর্থবহ সেতুবন্ধন গড়ে তুলতে সক্ষম হব।”
বিভাগের চেয়ারম্যান ও ইএসডিএম এলামনাই এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মুহিনুজ্জামান বলেন, “একটি বিভাগের আসল শক্তি ও অনুপ্রেরণা হলো তার এলামনাই। আমাদের শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে অত্যন্ত সুনামের সাথে কাজ করে বিভাগের মুখ উজ্জ্বল করছেন।দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইএসডিএম পরিবারের প্রথম এলামনাই অ্যাসোসিয়েশন গঠিত হলো। যারা অক্লান্ত পরিশ্রম করে এই উদ্যোগকে সফল ও সার্থক করেছ, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”
নতুন কমিটির প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, এই অ্যাসোসিয়েশন বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন এবং বিভাগের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমাদের পরামর্শ এবং সহযোগিতায় আমাদের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে—এই প্রত্যাশা রইল।”
এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এলামনাই এসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।২০১২ সালে যাত্রা শুরু করা নোবিপ্রবি’র ইএসডিএম বিভাগ বর্তমানে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় দক্ষ জনশক্তি তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে। নতুন এই এলামনাই এসোসিয়েশন গঠনের মাধ্যমে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।