
বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) ২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের আওতায় সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং মানসম্মত জার্নালে প্রকাশনার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং সময়োপযোগী গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম আরও সুদৃঢ় করা সম্ভব। তিনি জানান, কিউ-১ বা কিউ-২ পর্যায়ের স্কোপাস ইনডেক্সড জার্নালে বেরোবির গবেষকদের প্রবন্ধ প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ ‘টোকেন রিওয়ার্ড’ বা আর্থিক প্রণোদনা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গবেষণার ক্ষেত্রে সদিচ্ছার কোনো ঘাটতি নেই। গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করাই প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কো-সুপারভিশনের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি বিসিএসআইআর ও পরমাণু শক্তি কমিশনের মতো দেশীয় গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এবং বহিঃস্থ গবেষকরা অনলাইনে যুক্ত হন। এতে অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারে অংশগ্রহণকারীরা গবেষণার বর্তমান ধারা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।