
গলাচিপা প্রতিনিধি, হাসিবুর রহমান স্বাধীন:
পটুয়াখালীর গলাচিপা উপজেলা–র ডাকুয়া ইউনিয়ন এর তেতুলতলা বাজার এলাকায় অবস্থিত শতবর্ষী ডাকুয়া জমিদার বাড়ি, যা আজও এলাকার ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সময়ের পরিবর্তনে অনেক জমিদার বাড়ি বিলীন হয়ে গেলেও এই বাড়িটিতে এখনো বসবাস করছেন জমিদার পরিবারের বংশধরেরা।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রভাবশালী জমিদার উদয় নারায়ণ ভূইয়া। তাঁর হাত ধরেই ডাকুয়া অঞ্চলে জমিদারি প্রভাব বিস্তার লাভ করে। সেই সময় জমিদাররা কৃষকদের কাছ থেকে খাজনা আদায়, এলাকার সামাজিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করতেন।
ডাকুয়া জমিদার বাড়িটি প্রাচীন স্থাপত্যশৈলীতে নির্মিত। ইট, চুন-সুরকি ও ঐতিহ্যবাহী কারুকাজে গড়ে ওঠা এই বাড়িতে রয়েছে প্রশস্ত আঙিনা, লম্বা বারান্দা এবং উঁচু প্রবেশদ্বার। একসময় এখান থেকেই জমিদারি কার্যক্রম পরিচালিত হতো এবং বিভিন্ন সামাজিক আয়োজন অনুষ্ঠিত হতো বলে স্থানীয় প্রবীণরা জানান।
বাংলাদেশে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর অনেক ঐতিহাসিক জমিদার বাড়ি ধ্বংস হয়ে গেলেও ডাকুয়া জমিদার বাড়িটি এখনো টিকে আছে স্থানীয় ইতিহাসের অংশ হয়ে। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনের কিছু অংশ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেওয়া হলে এটি ভবিষ্যতে গলাচিপা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানে পরিণত হতে পারে এবং স্থানীয় ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।