২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজেলের মজুত পর্যাপ্ত, পেট্রোল-অকটেনে শঙ্কা

শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে হরমুজ প্রণালিতে অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পরিশোধিত তেলের সরবরাহে কিছুটা স্বস্তি ফিরলেও ক্রুড অয়েলের ঘাটতিতে সরকারি শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড উৎপাদন ঝুঁকিতে পড়েছে। আগামী ১০ দিনের মধ্যে নতুন চালান না এলে বন্ধ হয়ে যেতে পারে উৎপাদন এমন আশঙ্কা সংশ্লিষ্টদের।

ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করে দেশের বাজারে সরবরাহ করে। এর ৫০ থেকে ৬০ শতাংশ ক্রুড অয়েল আসে সৌদি আরব থেকে। কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর সৌদি আরবের রাস তানুরা টার্মিনালে এক লাখ টন তেল নিয়ে আটকা পড়ে একটি জাহাজ। যুক্তরাষ্ট্রের মালিকানাধীন হওয়ায় নিরাপত্তা ঝুঁকিতে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করতে পারছে না।

ইস্টার্ন রিফাইনারী পিএলসির উপমহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজার রহমান বলেন, বর্তমানে প্রায় ১২ দিনের অপরিশোধিত তেলের মজুত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন চালান দেশে না পৌঁছালে শোধনাগারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি জানান, নির্ধারিত দুটি চালানের মধ্যে একটি জাহাজ আবুধাবির ফুজাইরাতে তেল লোড করে প্রস্তুত অবস্থায় রয়েছে। তবে অপর একটি জাহাজের টেন্ডার বাতিল হয়ে যাওয়ায় সরবরাহ পরিস্থিতিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শেয়ার করুন