২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবি লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে রামাদান কালচারাল ফেস্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের আয়োজনে রামাদান কালচারাল ফেস্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মুজাহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে অনন্য উচ্চতায় পৌঁছেছে, তা ধরে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রাণ হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার্থীরাই এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অংশীজন। বিশ্ববিদ্যালয়ের সুনাম শিক্ষার্থীদের সনদের মর্যাদাকে বহুগুণ বৃদ্ধি করবে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব কিংবা নেতিবাচক প্রচারণা এড়িয়ে গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। দোয়ায় দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

এ সময় লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ মাখদুম ও সাইফুল ইসলাম; প্রভাষক আফজাল হোসেন শাকিল; সহকারী রেজিস্ট্রার মোঃ ফজলুল হকসহ বিভাগের শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, রামাদানের শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন