২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

শেয়ার করুন

তৌহিদ-উল বারী, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৪৬ বছর বয়সী মো. সাখাওয়াত হোসেন ও ৩৫ বছর বয়সী আশুরা আক্তার পাখি। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তাদের শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছিল।

এর আগে মঙ্গলবার দুপুরে ৪০ বছর বয়সী সামির আহমেদ সুমন মারা যান। গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মৃত্যু হয় নুরজাহান আক্তার রানী ও তার ১৬ বছর বয়সী ছেলে শাওনের। নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য।

বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন। চিকিৎসকদের ভাষ্য, তাদের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভয়াবহ এ বিস্ফোরণটি ঘটে গত সোমবার ভোরে হালিশহর এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন ছয়তলা ভবন ‘হালিমা মঞ্জিল’-এর তৃতীয় তলার একটি ফ্ল্যাটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রান্নাঘরে দীর্ঘ সময় ধরে গ্যাস জমে ছিল। ভোরে আগুনের সংস্পর্শে আসতেই সেটি শক্তিশালী বিস্ফোরণে রূপ নেয়।

বিস্ফোরণে ফ্ল্যাটে থাকা একই পরিবারের নয়জন সদস্য দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রামের হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

দুর্ঘটনায় মৃত সাখাওয়াত হোসেন ও তার স্ত্রী নুরজাহান আক্তার রানী, তাদের সন্তান শাওন ও ১০ বছর বয়সী উম্মে আয়মান স্নিগ্ধা, সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন ও তার স্ত্রী আশুরা আক্তার পাখি এবং তাদের দুই শিশু সন্তান আয়েশা (৪) ও ফারহান আহমেদ আনাস (৬) দগ্ধ হন। এছাড়া পরিবারের আরেক সদস্য শিপন হোসেন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

শেয়ার করুন