২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শাহজাহানপুরের শান্তিবাগে অবৈধ নির্মাণ অপসারণে রাজউকের নোটিশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

 

রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় অনুমোদনবিহীন ভবন নির্মাণের অভিযোগে সংশ্লিষ্ট মালিককে নোটিশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

 

রাজউকের জোন-৬/১ কার্যালয় সূত্রে জানা গেছে, শাহজাহানপুর মৌজাধীন এলাকার ১৭ নম্বর সড়কের ১৫৭ ও ১৫৯ নম্বর হোল্ডিংয়ে অনুমোদিত নকশা ব্যতীত ভবনের বর্ধিতাংশ নির্মাণ করা হয়েছে। বিষয়টি রাজউকের পরিদর্শনে ধরা পড়ে। এর আগে অনুমোদিত নকশা দাখিল ও কারণ দর্শানোর জন্য সংশ্লিষ্ট মালিককে একাধিকবার নোটিশ দেওয়া হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।

 

এছাড়া নির্মাণাধীন এই ভবনের পাশের ভবনের মালিক সংবাদমাধ্যমে অভিযোগ জানিয়ে বলেছেন, উক্ত ভবন ক্ষতিগ্রস্ত করে এই ভবনের নির্মাণ কাজ চালানো হচ্ছে। ওই ভবনের উপর বাঁশ, কাঠ এমনকি রেলিং ব্যবহার থেকে শুরু করে যাবতীয় কাজ করা হচ্ছে।

 

রাজউকের চিঠিতে উল্লেখ করা হয়, ভবনের মালিক অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ পরিচালনা না করে অতিরিক্ত অংশ নির্মাণ করেছেন, যা ইমারত নির্মাণ আইন, ১৯৫২ (সংশোধিত) এর বিধান লঙ্ঘন। আইন অনুযায়ী অনুমোদনবিহীন নির্মাণ দণ্ডনীয় অপরাধ।

 

নোটিশে অবৈধ অংশ অপসারণ করে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন পুনঃসংযোজনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

 

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানা, ঢাকা ওয়াসা ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুলিপি পাঠানো হয়েছে।

 

রাজউকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাজধানীতে অবৈধ নির্মাণ রোধে নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। অনুমোদিত নকশা ব্যতীত নির্মাণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন