
নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিলেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ড. মুহাম্মদ ইউনূস সে সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব কাঁধে তুলে নেন।
নোবেল জয়ী এই অধ্যাপক গত দেড় বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছেন। তার সরকারকে সামাল দিতে হয়েছে দেড় হাজারের বেশি আন্দোলন, পূরণ করতে হয়েছে নানা পক্ষের দাবি-দাওয়া।
সবশেষ ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া কথা মতো তার নেতৃত্বেই গত ১২ ফেব্রুয়ারি দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। তাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করেছে বিএনপি। অন্যদিকে, গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে।
এখন নির্বাচিত নতুন সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে বিদায় নেওয়ার পালা ইউনূস সরকার ও তার উপদেষ্টাদের। মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যরা ও নতুন মন্ত্রিসভা শপথ নেবেন। এর মধ্যদিয়ে আনুষ্ঠানিক বিদায় ঘটবে অন্তর্বর্তী সরকারের।