
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। শীত মৌসুমে মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটির উদ্যোগে অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সম্প্রতি পটিয়া আদর্শ স্কুল মাঠ থেকে শুরু হওয়া এ কম্বল বিতরণ কার্যক্রম পটিয়া রেলস্টেশন, শহীদ সাবুর রোড, পটিয়া মেডিকেল সংলগ্ন এলাকা ও উপজেলার বিভিন্ন জনবহুল স্পটে পরিচালিত হয়। এ সময় ভবঘুরে, দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে হাতে কম্বল তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
কম্বল বিতরণ কার্যক্রমে পটিয়া ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সোলাইমান, এডমিন মোছাম্মদ ঝিনুক এবং শহিদুল ইসলামের তত্ত্বাবধানে টিমভিত্তিকভাবে কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাংবাদিক এস. এম. এ জুয়েল এবং সহ-সমন্বয়ক ছিলেন ব্যাংকার মোঃ হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য সাইমুন শাকিল, জাহিদুল ইসলাম, আশিক চৌধুরী, নূর হোসেন, হাবিবুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ ইসমাইল, ফাহাদ আহমেদ, আফরিন, মেহেরুন্নেসা মনি, পারভীন চৌধুরী, তানাস চৌধুরী ও সাবরিনাসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
উল্লেখ্য, পটিয়া ব্লাড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে রক্তদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে পটিয়া উপজেলায় মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। বর্তমান সামাজিক অবক্ষয়ের এই সময়ে মানুষের জীবন রক্ষায় রক্তদানের মতো মহৎ কাজে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান,
“মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে”—এই স্লোগানকে সামনে রেখে পটিয়া ব্লাড ফাউন্ডেশন ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। পাশাপাশি রক্তদান ও মানবিক কাজে সকলের সহযোগিতা কামনা করেন তারা।