২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২টি জেলার ৭টি উপজেলায় ২৬৭ ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি

শেয়ার করুন

মেহেদী হাসান,রাঙামাটি প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) রাঙামাটি ও চট্টগ্রাম—এই দুই জেলার সাতটি উপজেলায় মোট ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে। বেইজ ক্যাম্পের মাধ্যমে এই দায়িত্ব পালন করা হবে বলে জানিয়েছেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করবে। এতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সময় যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা সীমান্ত-সংশ্লিষ্ট কোনো অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানান, উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি মোতায়েন করা হবে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম ও হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে, যারা স্বল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে।
প্রেস ব্রিফিংয়ে কাপ্তাই ৪১ বিজিবির ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আশরাফুল ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন