২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

শেয়ার করুন

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিলে যাচ্ছেন কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আপিল বিভাগে এই আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।

এর আগে, মনোনয়ন ফিরে পেতে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ফলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত সোমবার (১৯ জানয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। এতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে নিজের মনোনয়ন ফিরে পাওয়ার আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।

গত ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ে তাকে বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

আপিলে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে তার আপিল মঞ্জুর করে ইসি। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

শেয়ার করুন