২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে আগুনের তাণ্ডব, চার বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার

শেয়ার করুন

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গিয়ে অন্তত ৩০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (আজ) বিকেল আনুমানিক ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাঙামাটি স্টেশনের অতিরিক্ত পরিচালক নিউটন দাশ জানান, আকস্মিকভাবে সৃষ্ট আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক জাফর মিস্ত্রির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে এবং চারটি বসতঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। এতে এসব ঘরে বসবাসরত প্রায় ৩০টি পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি সেনা জোনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কাজে সহায়তা করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত ফায়ার সার্ভিস, স্থানীয় জনগণ ও সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

শেয়ার করুন