
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে এএস মোনাকোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে লেভান্তের বিপক্ষে জয়ে পেয়েছে রিয়াল। ব্যস্ত সূচির আগে সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে স্প্যানিশ জায়ান্টরা। তাই মোনাকোর বিপক্ষে ম্যাচটি রিয়ালের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচে সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে খেলবেন কিলিয়ান এমবাপে- যা ম্যাচটিকে আরও বিশেষ করে তুলেছে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমবাপে বলেন, “মোনাকো এখন সেরা ছন্দে নেই, তবে তারা সব সময় নিজেদের মান ধরে রাখতে জানে। আমাদের আক্রমণাত্মক হতে হবে এবং দেখাতে হবে, এটা আমাদের দিন।” তিনি আরও বলেন, “টপ এইটে থাকতে জিততে চাই আমরা। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের রাত আমাদের জন্য বাড়তি সুবিধা।”
সাম্প্রতিক সময়ে বাজে পারফরম্যান্সের কারণে রিয়ালের খেলোয়াড়দের দুয়ো দিচ্ছেন ঘরের মাঠের দর্শকেরা। এ বিষয়ে এমবাপে বলেন, “আমি দর্শকদের অনুভূতি বুঝি। আমরা ঠিকভাবে খেলতে পারছি না, এটাই সত্য।” তবে নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে টার্গেট করার বিপক্ষে তিনি, “দুয়ো দিলে পুরো দলকে দিন। একজনকে আলাদা করে দোষ দেওয়া ঠিক নয়। আমরা সবাই মিলেই খারাপ খেলছি, আবার বদলে দেওয়ার সামর্থ্যও আমাদের আছে।”
ভিনিসিয়ুস জুনিয়রকে আলাদা করে দুয়ো দেওয়ার বিষয়ে এমবাপে বলেন, “এটা শুধু ভিনির দোষ নয়। এটা পুরো দলের দায়। তাকে আমাদের আরও ভালোভাবে রক্ষা করতে হবে। সে একা নয়, আমরা সবাই তার পাশে আছি।” ভিনির মানসিক অবস্থা নিয়ে তিনি বলেন, “ভিনি একজন মানুষ। সে দারুণ খেলোয়াড়, অসাধারণ মানুষ। সে ছন্দে থাকলে বিশ্বের সেরাদের একজন।”
জাবি আলোনসোর বরখাস্ত হওয়া নিয়ে এমবাপে বলেন, “খেলোয়াড়দের সঙ্গে কোচের সমস্যা ছিল এটা ঠিক নয়। জাবি সফল হয়নি- এমন বলাও সত্য না। সে শিরোপা জয়ের আগেই চলে গেছে। আমার মতে, সে ভবিষ্যতে দারুণ কোচ হবে।” নতুন কোচ আরবেলোয়া সম্পর্কে তিনি বলেন, “এটা তার প্রথম পেশাদার কোচিং অভিজ্ঞতা। আমরা সবাই তাকে সাহায্য করব।”
জুড বেলিংহ্যামকে নিয়ে এমবাপে বলেন, “তার মান নিয়ে কোনো সন্দেহ নেই। ফিট থাকলে সে বিশ্বের সেরাদের একজন।” ব্রাহিম দিয়াজের আফ্রিকা কাপের পেনাল্টি মিস প্রসঙ্গে তিনি বলেন, “এটা কঠিন সময়। ফুটবলে এমন হয়। আমাদের কাজ তাকে সমর্থন দেওয়া এবং আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করা।”