
বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম ও জাল সনদ ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রংপুর দুদকের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অভিযান পরিচালনা করে।
অভিযানের শুরুতে দুদক কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেন। পরে তারা রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ একাধিক দপ্তরে অভিযান চালিয়ে নিয়োগসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করেন।
দুদক সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে হওয়া কয়েকটি নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যেই কমিশনের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।
রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের উপপরিচালক শাওন মিয়া বলেন, “জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগে ইতোমধ্যে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অভিযানের সময় প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।” তিনি আরও বলেন, “তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে দুদকের এই অভিযানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।