
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির সহযোগী ছাত্র সংগঠনটি তিন দফা অভিযোগ জানিয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে আগারগাঁওস্থ ইসি ভবন ঘেরাও করে ছাত্রদল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংগঠনটির ঘেরাও কর্মসূচি চলমান রয়েছে।
কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমাদের প্রধান ইস্যু ব্যালট পেপার। একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাব বিস্তার এই ধরনের কর্মকাণ্ড করা হয়েছে। কমিশনে প্রত্যক্ষ ইন্দনে এই ঘটনা ঘটেছে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে,ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মতো একইভাবে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য তারা (বাংলাদেশ নির্বাচন কমিশন) ভূমিকা পালন করেছে।’