
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ ৫৫ বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদসহ ৯০ কেজি বাংলাদেশী রাবার আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৪ বোতল ভারতীয় মদসহ ৯০ কেজি বাংলাদেশী রাবার জব্দ করেছে, যার সিজার মূল্য অনুমান ৯৮ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদের প্রেক্ষিতে বাল্লা বিওপির একটি বিশেষ টহল দল ০৮ জানুয়ারি সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে খোয়াইফ্রন্ট নামক এলাকায় টহল পরিচালনার সময় ভারত হতে মাদক পাচারকারীরা বস্তায় করে ভারতী মালামাল নিয়ে আসতে দেখে, বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।
এদিকে গত ০৭ জানুয়ারি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির বিশেষ টহলদল সীমান্ত হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুঞ্জবন নামক স্থান হতে ভারতে পাচার করার সময় মালিকবিহীন অবস্থায় ৯০ কেজি বাংলাদেশী রাবারসহ ০১ টি বাই-সাইকেল জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং বাংলাদেশী রাবার কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে মাদক ও চোরালানে জড়িত চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।