২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে মাভাবিপ্রবিতে এআই–মেডিকেল রোবোটিকস সেমিনার

শেয়ার করুন

তুহিন বাহাদুর, মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে আজ ‘মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক একটি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ, যিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেডিকেল রোবোটিকস আগামী দিনের স্বাস্থ্যসেবা আরও কার্যকর, নির্ভুল ও সহজলভ্য করবে। তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে এই প্রযুক্তির গবেষণা ও বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতে উৎসাহিত করেন।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান, এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হ্যাং মুক চো।

সেমিনারের কী-নোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার শামীম আহমেদ দেওয়ান। এছাড়া বিশিষ্ট বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. ইমরান হোসেন (মার্স গ্রুপের চেয়ারম্যান) এবং ইঞ্জিনিয়ার খোন্দকার নজমুল আহসান (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ)।

সেমিনারে সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. ইকবাল মাহমুদ। বক্তারা মেডিকেল রোবোটিকসে এআই-এর বর্তমান অগ্রগতি, বাংলাদেশের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

সেমিনারের সমাপ্তিতে প্রধান অতিথি কোরিয়ার অর্থায়নে প্রতিষ্ঠিত সেন্টার ফর অ্যাডভান্সড অটোমোটিভ রিসার্চ (CAAR) এবং বিভাগের সেমিনার গ্রন্থাগার উদ্বোধন করেন। এছাড়া বিভাগের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও বই বিতরণ করা হয়।

শেয়ার করুন