
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙামাটির বরকল উপজেলায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরকল উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বাদ জোহর ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি-২৯৯ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহ-সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক মজিবুল হক এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তার দেখানো আদর্শ অনুসরণ করে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, এসব বিষয়ে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করেন প্রধান অতিথি দীপেন দেওয়ান।