২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের সম্মান রক্ষার দাবিতে রাঙামাটিতে শিক্ষার্থীদের আন্দোলন

শেয়ার করুন

মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি:

রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের অবমাননা ও লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের সামনে তবলছড়ি–আসামবস্তি সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে।

এতে প্রায় এক ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান রক্ষা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গত ৪ জানুয়ারি বার্ষিক পরীক্ষায় কয়েকজন শিক্ষার্থী ফেল করার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে তাদের লাঞ্ছিত করা হয়। আমরা এই ঘটনার নিন্দা জানিয়ে অবস্থান নিয়েছি। ফেল করা শিক্ষার্থীদের খাতা দেখানো হোক এবং যদি তারা সত্যিই অকৃতকার্য হয়, তবে বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। কোনোভাবেই শিক্ষকদের অপমান ও বিদ্যালয়ের সম্মানহানি মেনে নেওয়া হবে না।

এ বিষয়ে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির আলম বলেন, ফেল করা শিক্ষার্থীরা খাতা দেখতে চাইলে আমরা তা দেখানোর আশ্বাস দিয়েছি। তারা প্রমোশনের দাবিতে আন্দোলনে নামলেও আমরা সংক্ষিপ্ত সিলেবাসে পুনরায় পরীক্ষার প্রস্তাব দিয়েছি। তবে এ বিষয়ে তারা আপত্তি জানিয়েছেন। চলমান পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে একাধিক সভা হয়েছে এবং জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে আগামীকাল ৭ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হলে, শিক্ষকদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ফেল করানোর অভিযোগ তুলে সড়ক অবরোধ করে। সে সময় অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।

শেয়ার করুন