
মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটি জেলার লংগদু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় তীব্র শীতে বিপর্যস্ত দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), রাজনগর জোন।
সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (০৫ জানুয়ারি) সকালে রাজনগর জোন সদরে পাহাড়ি অঞ্চলের শীতার্ত দুঃস্থ জনগণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় শতাধিক অসহায় পাহাড়ি বাঙালি নারী-পুরুষ ও শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), রাজনগর জোনের সাধারণ সম্পাদিকা হাসনা হেনা। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সীপকস রাজনগর জোনের সাধারণ সম্পাদিকা হাসনা হেনা বলেন,
“পাহাড়ি অঞ্চলের মানুষজন প্রতি বছরই শীতকালে নানা কষ্টের সম্মুখীন হন। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিজিবি শুধু সীমান্ত রক্ষাই নয়, মানবিক কাজের মাধ্যমেও সাধারণ মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, মনোন্নয়ন এবং সুশিক্ষা নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। সে লক্ষ্যেই সারা দেশের ন্যায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি ভবিষ্যতেও শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাবে।
স্থানীয়রা জানান, শীতের তীব্রতায় বিশেষ করে শিশু, বৃদ্ধ ও নারীরা বেশি কষ্টে দিন কাটাচ্ছেন। এমন সময়ে বিজিবির এই উদ্যোগ তাদের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে।
উল্লেখ্য, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) নিয়মিতভাবে দুর্গম সীমান্তবর্তী ও পাহাড়ি অঞ্চলে দুঃস্থদের সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা সহায়তা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিজিবির এই মানবিক ভূমিকা স্থানীয় জনগণের সঙ্গে বাহিনীর সুসম্পর্ক আরও দৃঢ় করছে বলে মনে করছেন সচেতন মহল।