
চট্টগ্রামের বাঁশখালীতে এক বাকপ্রতিবন্ধী শিশু নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে এশার নামাজের পর বাড়ি থেকে নিখোঁজ হয় জায়েদ চৌধুরী জায়ান (৭)।
পরদিন পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে শনাক্ত করেন।
নিহত জায়ান ওই এলাকার রুহুল কুদ্দুসের ছেলে এবং সে বাকপ্রতিবন্ধী ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মনিরুল মান্নান চৌধুরী। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।