
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়। এতে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপমহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।
এর আগে ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বৈঠকের বিষয়টি জানানো হয়।
ইসি সূত্র জানায়, বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম না ঘটে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিএনআই/২৫