
রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নেওয়ার নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোতে গ্রুপটির তিনটি প্রতিষ্ঠানের নামে নেওয়া মোট সোয়া ছয় হাজার কোটি টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুদকের চট্টগ্রাম-১ কার্যালয়ে দায়ের করা মামলাগুলোতে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ফারজানা পারভীন এবং জনতা ব্যাংকের অন্তত ৮৪ জন কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে।
দুদকের উপপরিচালক সুবেল আহমেদ জানান, তিন প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণের মোট অঙ্ক ৬ হাজার ২৪৩ কোটি ৭৮ লাখ টাকা। অভিযোগ অনুযায়ী, ঋণের টাকা তুলে সুদে-আসলে পরিশোধ না করে আত্মসাৎ করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত সময়ে জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে ২ হাজার ৩ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। এ মামলায় ফারজানা পারভীন প্রধান আসামি এবং সাইফুল আলম দ্বিতীয় আসামি। পাশাপাশি ব্যাংকের ২৮ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।
এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড–এর বিরুদ্ধে দায়ের করা দ্বিতীয় মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত সময়ে ২ হাজার ২৯৭ কোটি ৭৪ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এতে সাইফুল আলম প্রধান আসামি এবং জনতা ব্যাংকের ২৫ কর্মকর্তা অভিযুক্ত।
তৃতীয় মামলায় এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড–এর নামে ২০০৫ সালের ১০ মে থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত সময়ে ১ হাজার ৯৪২ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় মোট ৩১ জনকে আসামি করা হয়েছে।
দুদক জানিয়েছে, ঋণ অনুমোদন, বিতরণ ও পরিশোধ তদারকির প্রতিটি ধাপে কীভাবে অনিয়ম হয়েছে, তা তদন্ত করে দেখা হবে। এর আগে গত ১৭ ডিসেম্বর এস আলম গ্রুপের আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩ হাজার ৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে সংস্থাটি। সর্বশেষ মামলাগুলোর মধ্য দিয়ে গ্রুপটির বিরুদ্ধে তদন্তের পরিধি আরও বিস্তৃত হলো।
সিএনআই/২৫