২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক পরিস্থিতিতে সবদিকে সতর্ক নজর, ‘ওয়েট অ্যান্ড ওয়াচে’ বিএনপি

শেয়ার করুন


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে অস্থিরতা ও অনিশ্চয়তা। হত্যাকাণ্ডের প্রতিবাদ, ভাঙচুর ও সহিংস ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। এমন বাস্তবতায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের উসকানিতে জড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে কঠোরভাবে বলা হয়েছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে—এমন আশঙ্কা থেকেই এই অবস্থান নিয়েছে দলটি।

চলমান পরিস্থিতি পর্যালোচনায় গত শুক্রবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতারা হাদি হত্যাকাণ্ড ও পরবর্তী সহিংস ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন, এসব ঘটনা গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের মানুষকে জিম্মি করে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা আসার পরপরই এই হত্যাকাণ্ড ও ধারাবাহিক ঘটনাপ্রবাহকে তিনি ‘সাজানো ছক’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, যত ষড়যন্ত্রই হোক, বিএনপি গণতান্ত্রিক ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় অনড় থাকবে।

দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, হাদি হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে এবং নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে। তবে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র ও নির্বাচনের পথ রুদ্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির নীতিনির্ধারকদের মতে, বর্তমান পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ মোড়। একদিকে জনমনে আতঙ্ক, অন্যদিকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা—এই দুইয়ের মধ্যেই বিএনপি পরিস্থিতির প্রতিটি দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দলের অবস্থান স্পষ্ট—যে কোনো মূল্যে সময়মতো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে।

সিএনআই/২৫

শেয়ার করুন