২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির শাহাদত ও সংকটে গণতন্ত্রের ভবিষ্যৎ

শেয়ার করুন

বাংলাদেশ এক গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। একদিকে গণ-অভ্যুত্থানের পর নতুন করে গণতান্ত্রিক পথে ফেরার স্বপ্ন, অন্যদিকে সেই স্বপ্নের একজন মুখপাত্র শরিফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ড। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ রাজনীতিক হিসেবে হাদির মৃত্যু শুধু একজন নেতার প্রস্থান নয়, বরং দেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য একটি গুরুতর সতর্কবার্তা। এই হত্যাকাণ্ডে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

ওসমান হাদি ছিলেন সাহসী ও সচেতন তরুণ প্রজন্মের প্রতিচ্ছবি। রাজপথে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় সত্য বলার সাহস দেখিয়েছেন এবং প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে একটি ভিন্ন ধারার স্বপ্ন দেখেছিলেন। ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা ছিল সেই সাহসিকতারই বহিঃপ্রকাশ। গুলিবিদ্ধ হয়ে তার এমন করুণ মৃত্যু রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

হাদির মৃত্যুর পর দেশের রাজপথে যে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। সংবাদমাধ্যমের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু তার সমাধান কখনো সহিংসতা হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

সামনে জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন ধরে মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় রয়েছে। কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ড, প্রতিহিংসা ও অস্থিরতা সেই প্রত্যাশাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এসব ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ইঙ্গিতও দিতে পারে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

ওসমান হাদির শাহাদত আমাদের সবাইকে সতর্ক করে দিয়েছে। আইনের শাসন, রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হলে গণ-অভ্যুত্থানের অর্জন হুমকির মুখে পড়বে। সরকারকে কঠোরভাবে আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে এবং সব রাজনৈতিক পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। হাদির আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আমাদের প্রত্যাশা—কোনো অপশক্তিই যেন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে থামাতে না পারে।

সিএনআই/২৫

শেয়ার করুন