
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়নডহর গ্রামে ধারণ করা একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মাত্র ২০ সেকেন্ডের ওই ভিডিওটি গত ১৫ ডিসেম্বর ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নারায়নডহর এলাকার জামিয়া বদরুল হুদা খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার সামনে এক যুবক স্কেটিং করতে করতে ভ্যানে চলাচলরত এক মেয়েকে উত্ত্যক্ত করছে। একপর্যায়ে মেয়েটি সঙ্গে থাকা ব্যাগ দিয়ে তাকে আঘাত করলে ওই যুবক তাকে বিবস্ত্র করার চেষ্টা করে। ভিডিওটির দৃশ্য দেখে নেটিজেনরা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে ধারণ করা হয়। ভিডিও ধারণ করেন রোমান, স্কেটিং করা যুবক রাকিব হাসান (২০) এবং মেয়ের চরিত্রে অভিনয় করেন হানিফ (২০)। হানিফ ও রোমান সম্পর্কে আপন দুই ভাই। তারা পূর্বধলা উপজেলার নারায়নডহর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তথাকথিত ‘ফানি ভিডিও’ তৈরি করে আসছিলেন। সেই ধারাবাহিকতায় এই ভিডিওটি নির্মাণ করা হয়। নির্মাতাদের দাবি, ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি হলেও তা সমাজে নেতিবাচক বার্তা ছড়িয়েছে বলে সমালোচনার মুখে পড়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে একে নারীর মর্যাদা ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন এবং তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে খেলাফত আন্দোলনের নেতা গাজী আব্দুর রহীম রুহি বলেন, “এ ধরনের ভিডিও সমাজের জন্য ভয়ংকর। ভবিষ্যতে যেন আর এমন ঘটনা না ঘটে, সে জন্য দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বলেন, “এই ভিডিও স্কুলপড়ুয়া ছাত্রীদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান জানান, ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্বধলা থানাকে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, “অভিযুক্তরা বর্তমানে আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
সিএনআই/২৫