
দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেল সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক। রোমান্টিক ইমেজ ছেড়ে এবার তিনি ভয়ের এবং ধ্বংসাত্মক চরিত্রে হাজির হয়েছেন। ফার্স্ট লুক প্রকাশের মুহূর্তেই নেটদুনিয়ায় তা তোলপাড় সৃষ্টি করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যায়, সিয়াম বাথটাবের পাশে সাদা স্যুট-বুটে দাঁড়িয়ে আছেন। এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল। হাতে থাকা অস্ত্র দিয়ে বাথটবে পড়ে থাকা মৃত বাঘের দিকে গুলি ছুড়ছেন। চোখ-মুখে ধ্বংসাত্মক অভিব্যক্তি ফুটে উঠেছে। দাঁতে ধরে আছেন একটি গোলাপ ফুল। ভিডিওজুড়ে শুধুমাত্র সিয়ামকে দেখা গেছে। ফার্স্ট লুকে তার সংলাপ—‘খাইয়া দিমু’।
এফডিসিতে ফার্স্ট লুক রিলিজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিয়াম জানান, এই চরিত্রের জন্য তিনি ৯ মাস কঠোর পরিশ্রম করেছেন। তিনি বলেন, ‘ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’।’
নায়িকা হিসেবে ছবিতে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। শোনা যাচ্ছে, সিনেমার কিছু অংশ শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় চিত্রায়ণ হবে। ‘রাক্ষস’ নির্মাণ করছেন মেহেদী হাসান হৃদয়, প্রযোজনায় আছেন শেহরিন সুমি। ছবিটি আগামী বছরের যে কোনো ঈদে মুক্তি পাবে।
সিএনআই/২৫