
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তার জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে যান।
পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এ সময় ড. ভিভিয়ান জানান, হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এরপর প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
এর আগে বিকেলে হাদির চিকিৎসক ডা. আহাদ জানান, বর্তমানে হাদির হার্ট, ফুসফুস ও কিডনি ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে সচল রাখা হচ্ছে। ইউরিন আউটপুটও সাপোর্টের মাধ্যমেই বজায় রয়েছে। বুধবার তার নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে, যেখানে দেখা গেছে—ব্রেনে থাকা ইস্কেমিয়া বা রক্ত সঞ্চালনজনিত সমস্যার মাত্রা কিছুটা বেড়েছে।
ডা. আহাদ আরও জানান, ব্রেনে থাকা গুলির একটি অংশ অপসারণে নতুন করে অস্ত্রোপচার প্রয়োজন হবে কি না, সে বিষয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে। প্রয়োজনে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে অস্ত্রোপচারে নতুন কোনো জটিলতা তৈরি হবে কি না এবং তার শরীর দীর্ঘ ভ্রমণের ধকল নিতে পারবে কি না—এসব বিষয় সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে। এ ক্ষেত্রে পরিবারের মতামতও গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।
সিএনআই/২৫