২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েবক্যাম হ্যাকের ঝুঁকি এড়াতে যেসব সহজ সতর্কতা জরুরি

শেয়ার করুন


করোনা পরবর্তী সময়ে অনলাইন মিটিং, হাইব্রিড কাজ এবং বন্ধু–স্বজনের সঙ্গে ভিডিও কলে ওয়েবক্যামের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব কিংবা স্মার্টফোন—সব ডিভাইসেই এখন ওয়েবক্যাম আমাদের দৈনন্দিন জীবনের অংশ। তবে এই সুবিধার পাশাপাশি রয়েছে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকিও।

হ্যাকার বা ক্ষতিকর ম্যালওয়্যারের মাধ্যমে অনেক সময় ব্যবহারকারীর অজান্তেই ওয়েবক্যাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ফলে ব্যক্তিগত মুহূর্ত অনাকাঙ্ক্ষিতভাবে নজরদারির আওতায় চলে যেতে পারে। তাই নিরাপদ থাকতে কিছু সহজ সতর্কতা মেনে চলা জরুরি।

ওয়েবক্যাম ব্যবহারে যেসব বিষয়ে খেয়াল রাখবেন—

পজিশন ও সেটিংস যাচাই করুন
ওয়েবক্যাম চালুর আগে ক্যামেরার ফ্রেমিং, জুম বা সেটিংসে কোনো অস্বাভাবিক পরিবর্তন হয়েছে কি না তা লক্ষ্য করুন। হঠাৎ সেটিংস বদলে যাওয়া হ্যাকিংয়ের ইঙ্গিত হতে পারে।

ক্যামেরা ঢেকে রাখার অভ্যাস করুন
যখন ওয়েবক্যামের প্রয়োজন নেই, তখন টেপ বা বিশেষ ক্যাপ দিয়ে ঢেকে রাখুন। ব্যবহার শেষে আবার ঢেকে দিলে ঝুঁকি অনেকটাই কমে যায়।

অ্যাপের অনুমতি বুঝে দিন
নতুন অ্যাপ ইনস্টল করার সময় দেখুন, ওয়েবক্যামের অ্যাক্সেস আদৌ প্রয়োজনীয় কি না। অপ্রয়োজনীয় অ্যাপকে ক্যামেরা ব্যবহারের অনুমতি না দেওয়াই নিরাপদ।

অ্যান্টিভাইরাস ও অ্যান্টি-স্পাইওয়্যার ব্যবহার করুন
লাইসেন্সপ্রাপ্ত অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি-স্পাইওয়্যার সফটওয়্যার ম্যালওয়্যার ও ক্ষতিকর ফাইল শনাক্ত করে আগেই সতর্ক করে দেয়।

সন্দেহজনক ই-মেইল এড়িয়ে চলুন
অপরিচিত বা সন্দেহজনক উৎস থেকে আসা ই-মেইল, লিঙ্ক বা অ্যাটাচমেন্টে ক্লিক করবেন না। এগুলোর মাধ্যমে ওয়েবক্যাম নিয়ন্ত্রণের ম্যালওয়্যার প্রবেশ করতে পারে।

প্রয়োজন না হলে ওয়েবক্যাম ডিজেবল রাখুন
ডিভাইসের সেটিংস থেকে ওয়েবক্যাম বন্ধ করে রাখা সবচেয়ে নিরাপদ পদ্ধতিগুলোর একটি। দরকার হলে আবার চালু করতে পারবেন।

নিয়মিত সফটওয়্যার আপডেট করুন
ডিভাইসের অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি আপডেট নিয়মিত করলে ফায়ারওয়াল ও সুরক্ষা ব্যবস্থাও শক্তিশালী থাকে।

ফায়ারওয়াল সক্রিয় রাখুন
ফায়ারওয়াল চালু থাকলে ডিভাইসের ডেটা ট্রাফিক নিয়ন্ত্রিত হয় এবং হ্যাকারদের অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ে।

ওয়েবক্যাম হ্যাকিং ও অনলাইন নজরদারি এখন বাস্তব একটি ঝুঁকি। তবে সামান্য সচেতনতা ও কিছু সাধারণ নিরাপত্তা ব্যবস্থা মেনে চললে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা সম্ভব। নিয়মিত সতর্ক থাকাই অনলাইনে নিরাপদ থাকার সবচেয়ে কার্যকর উপায়।

সিএনআই/২৫

শেয়ার করুন