
অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা টাইগার জুনিয়ররা দ্বিতীয় ম্যাচেও তুলে নিয়েছে দাপুটে জয়। আজ নেপালের বিপক্ষে খেলতে নেমে আগে বোলিংয়ে প্রতিপক্ষকে ১৩০ রানে গুটিয়ে দিয়ে পরে ব্যাট হাতে সহজেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তার এই সিদ্ধান্ত পুরোপুরি সফল হয় বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে।
নেপাল অনূর্ধ্ব-১৯ দলের দুই ওপেনার সাহিল প্যাটেল ও নিরাজ কুমার শুরুতে ৪০ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দেন। তবে ১৮ রান করা সাহিল প্যাটেলকে ফিরিয়ে জুটি ভাঙেন সাদ ইসলাম। এরপরই ধস নামে নেপালের ব্যাটিং লাইনে।
৪০ রানে প্রথম উইকেট হারানোর পর মাত্র ২১ রানের ব্যবধানে আরও চার উইকেট হারায় নেপাল। বংশ ছেত্রি (৪), নিরাজ কুমার (১৪), নিশ্চল শেত্রি (০) ও কিরবিন শ্রেষ্ঠ (৫) দ্রুতই সাজঘরে ফেরেন। মাঝের ও শেষের সারির ব্যাটাররাও প্রতিরোধ গড়তে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১৩০ রানেই গুটিয়ে যায় নেপালের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অভিষেক তিওয়ারি। বাংলাদেশের হয়ে সবুজ ছিলেন সবচেয়ে সফল বোলার, তিনি নেন ৩টি উইকেট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করে। ওপেনার জাওয়াদ আবরার শুরু থেকেই ইতিবাচক ছিলেন। তবে চতুর্থ ওভারে একসঙ্গে রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে দল। রিফাত ৭ বলে ৫ রান করেন, আর তামিম করেন মাত্র ১ রান।
এরপর জাওয়াদের সঙ্গে দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস গড়েন কালাম সিদ্দিকী অ্যালেন। এক প্রান্ত আগলে রেখে আত্মবিশ্বাসী ব্যাটিং করেন জাওয়াদ। জুটিতে ভর করে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যায় বাংলাদেশ।
চাপ সামলে জাওয়াদ আবরার তুলে নেন দুর্দান্ত একটি ফিফটি। আগের ম্যাচের মতো এবারও জয়ের মূল নায়ক ছিলেন তিনি। কালাম সিদ্দিকী অ্যালেন ৬৬ বলে ৩৪ রান করে আউট হলেও ম্যাচ তখন বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল।
শেষ পর্যন্ত জাওয়াদ আবরার ৬৮ বলে অপরাজিত ৭০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। রিজান হোসেন ৮ বলে ১২ রান করে তাকে দারুণভাবে সঙ্গ দেন। হাতে তখনো ছিল ১৫১ বল। ৭ উইকেটের সহজ জয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সিএনআই/২৫