
বাংলাদেশ নারী ভলিবল দল আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিতব্য কাভা কাপ ফর উইমেন ২০২৫-এ অংশগ্রহণ করবে। চার মাসের কঠোর প্রস্তুতি ক্যাম্প সফলভাবে শেষ করে দল আগামী ১৭ ডিসেম্বর অধিনায়ক মোসা. সাবিনা খাতুনের নেতৃত্বে মালের উদ্দেশে রওনা হবে।
টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও তুর্কমেনিস্তান অংশ নেবে, যা এটি একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর করে তুলেছে।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফারুক হাসান দলের জন্য তিন সেট অফিসিয়াল কিট সরবরাহ করেছেন এবং সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, দল ট্রফি জয় করে দেশে ফিরবে এবং দেশবাসীর সমর্থন ও দোয়া কামনা করেন।
এছাড়া, বাংলাদেশ ভলিবল নারী কমিটির চেয়ারম্যান মিস শারমিন হাসান তিথি দলের আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উন্নত প্রস্তুতি ও দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ নারী ভলিবল দল কাভা কাপ ২০২৫-এ অংশ নিচ্ছে।
সিএনআই/২৫