
শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বরিশালে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় শ্রদ্ধা নিবেদনের জন্য আনা ফুলের তোড়া ভেঙে ফেলার অভিযোগ ওঠে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি নামফলক কম্পাউন্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির ব্যানারে নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান শিরিন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্থান ত্যাগ করার সময় একই ব্যানারে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন তার অনুসারীদের নিয়ে সেখানে উপস্থিত হন।
![]()
একই সময়ে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতিতে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, এ সময় আফরোজা খানম নাসরিনের ওপর বিএনপির অপর পক্ষের কয়েকজন নেতাকর্মী চড়াও হন এবং তাকে হেনস্তা করেন। পাশাপাশি তার সঙ্গে আনা ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং শ্রদ্ধা নিবেদনের জন্য আনা ফুলের তোড়াও ভেঙে ফেলা হয়। পরে ভাঙা ফুলের তোড়া দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আফরোজা খানম নাসরিন অভিযোগ করে বলেন, একই সময়ে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়, তাকে লাঞ্ছিত করে এবং ফুলের তোড়া ভেঙে ফেলে। তবে তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপ না নিয়ে সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের কথা জানান।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, কর্মীদের মধ্যে তুচ্ছ একটি বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে পরে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিএনআই/২৫