
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক কুয়েত প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ২৬ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামের কুয়েত প্রবাসী মো. আল-আমিনের বাড়িতে এই ঘটনা ঘটে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
আল-আমিনের বাবা আব্দুর রাজ্জাক বলেন, প্রায় ১৫-২০ জন মুখোশধারী ডাকাত নৌপথে ট্রলারযোগে এসে বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পরিবারের সদস্যদের জিম্মি করে। ডাকাতদের হাতে ছিল দা, চাইনিজ কুড়াল এবং শটগান। এ সময় তারা ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রা প্রায় ১০০ দিনার, একটি আইফোন ১১ প্রো এবং একটি স্যামসাং মোবাইল ফোন নিয়ে যায়।
সিরাজদীখান থানার ওসি এম. হান্নান বলেন, খবর পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিএনআই/২৫