২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকার নোটিশ

শেয়ার করুন


বরেন্দ্র অঞ্চলে পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া। নোটিশে অরক্ষিত নলকূপ বন্ধের পাশাপাশি সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামে শিশু সাজিদের মৃত্যু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার প্রমাণ।

নোটিশে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং ১৫ দিনের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করা, রাষ্ট্রীয় ব্যয়ে সিল বা স্থায়ীভাবে বন্ধ করা, অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালি (SOP) প্রণয়ন, অননুমোদিত নলকূপ স্থাপন রোধে নজরদারি, এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা।

নির্ধারিত সময়ে সব দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা (পিআইএল) হিসেবে হাইকোর্ট ডিভিশনে দায়ের করা হবে।

সিএনআই/২৫

শেয়ার করুন