
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর তিন দিনব্যাপী হারমনি ফেস্টিভ্যাল (সিজন-২) অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলার পর্যটন শিল্পের বিকাশ এবং পর্যটকদের আকৃষ্ট করতেই এই আয়োজন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শ্রীমঙ্গল শহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো আয়োজিত এই ফেস্টিভ্যালে জেলার একাধিক নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পরিবেশনায় নাচ-গান, ঐতিহ্যবাহী খাবার ও বিভিন্ন পণ্যের মেলার আয়োজন থাকবে। এবারের উৎসবে শ্রীমঙ্গল উপজেলার ২৬টিরও বেশি নৃগোষ্ঠী অংশগ্রহণ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, “পর্যটন শিল্পের বিকাশ এবং পর্যটকদের আকৃষ্ট করতে দ্বিতীয় বারের মতো হারমনি ফেস্টিভ্যালের উদ্যোগ নেওয়া হয়েছে। তিন দিনে ৬৩টি সাংস্কৃতিক পরিবেশনা হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন স্টল থাকবে। এবারের উৎসবও সংস্কৃতির মিলন মেলায় পরিণত হবে।” প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করার জন্য সার্বক্ষণিক নজরদারি রাখছে।
সিএনআই/২৫