পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা চার দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। হিমালয় অঞ্চল থেকে নেমে আসা ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা দ্রুত বাড়ছে। দিন ও রাতের তাপমাত্রায় বড় পার্থক্য থাকায় এলাকাবাসী আরও তীব্র শীত অনুভব করছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। ঘন কুয়াশা না থাকলেও ভোরে হালকা কুয়াশা দেখা যায়। বেলা বাড়লে রোদ উঠলেও তাতে তেমন উষ্ণতা পাওয়া যায়নি। এর আগের দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস—যা রাতের তাপমাত্রার তুলনায় অনেক বেশি, ফলে শীত আরও প্রকট হয়েছে।
শীতে জনদুর্ভোগ বাড়ছে। অনেকে ঠান্ডা মোকাবিলায় বাড়ির আঙিনা বা রাস্তার মোড়ে খড়কুটো জ্বালিয়ে গরম নিচ্ছেন। স্থানীয় কৃষক আসাদুল ইসলাম জানান, কুয়াশা কম থাকলেও শীত ছিল বেশ তীব্র, সকালে রোদ উঠেও আরাম মেলেনি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, টানা চার দিন তাপমাত্রা ১০ ডিগ্রি ঘরে রয়েছে। ডিসেম্বরের শুরুতেই এমন পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে—আগামী দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও জোরালো হতে পারে।
সিএনআই/২৫