প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির দাবিতে আজ (৮ ডিসেম্বর) রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা ফের রাস্তায় নামছেন। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া অনিশ্চিত থাকায় এবং অধ্যাদেশ প্রণয়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা ব্লকেড কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীরা সকাল থেকেই নিজ নিজ কলেজ থেকে এসে শিক্ষা ভবন মোড়ের সামনে অবস্থান নেবেন। তারা সড়ক অবরোধসহ হাইকোর্ট ও শিক্ষা ভবনের আশপাশে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
নাইম হাওলাদার নামে একজন শিক্ষার্থী প্রতিনিধি বলেন, অধ্যাদেশ ছাড়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাধিক সমস্যায় পড়েছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি হলেও শিক্ষার্থীরা এখনো ক্লাসে যেতে পারেননি। তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান, শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনা এবং পরিচয় নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করা হোক।
শিক্ষার্থীরা জানান, জনদুর্ভোগ এড়াতে তারা হাইকোর্ট মোড় কিছু সময়ের জন্য ছেড়ে দিচ্ছেন। তবে অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত কেউ বাসায় ফেরার অনুমতি পাবেন না এবং আগামীকাল আরও শিক্ষার্থীরা কর্মসূচিতে যোগ দেবেন।
সিএনআই/২৫