২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে আদালত অবমাননা শুনানিতে বিএনপি নেতা ফজলুর

শেয়ার করুন

আদালত অবমাননার অভিযোগে করা শুনানিতে সশরীরে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার পর তিনি আইনজীবীদের একটি বড় দলের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির হন। তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও কয়েকজন আইনজীবী।

আজ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তার বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের শুনানি হওয়ার কথা। যদিও ফজলুর রহমান ইতোমধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলে গত ৩ ডিসেম্বর জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশনের আবেদনের পর গত ৩০ নভেম্বর শুনানি নিয়ে ট্রাইব্যুনাল তাকে আজ সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেন।

এর আগে আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করা, ট্রাইব্যুনালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা এবং প্রসিকিউশনকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে প্রসিকিউশন আবেদন করে। এ বিষয়ে ২৬ নভেম্বর প্রথম দফা শুনানি হয়। পরে ৩০ নভেম্বর আংশিক শুনানি শেষে ফজলুর রহমানকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন আদালত।

সিএনআই/২৫

শেয়ার করুন