২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাকসু নির্বাচন স্থগিতে উত্তাল বেরোবি, ২৪ ডিসেম্বর ভোট আয়োজনের আল্টিমেটাম শিক্ষার্থীদের

শেয়ার করুন

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচন স্থগিতের ঘোষণায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বুধবার (০৩ ডিসেম্বর) প্রশাসনের দীর্ঘসূত্রিতা, সময়ক্ষেপণ ও সদিচ্ছার অভাবের অভিযোগ এনে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। এতে নির্বাচন কমিশনের প্রতি তীব্র ক্ষোভ জানিয়ে তারা ঘোষণা দেন, নির্ধারিত ২৪ ডিসেম্বরেই ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত না হলে কঠোর আন্দোলনে নামবেন।

শিক্ষার্থীরা জানান, গত ১৮ নভেম্বর ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথমে ২৯ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। পরে পুনর্বিবেচনার মাধ্যমে ভোট এগিয়ে এনে ২৪ ডিসেম্বর নির্ধারণ করে কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুরু হয় নানা নাটকীয়তা। প্রধান নির্বাচন কমিশনারের আকস্মিক পদত্যাগ, আচরণবিধি প্রণয়ন, চূড়ান্ত ভোটার তালিকা সংশোধন এবং মনোনয়ন ফরম বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশে মুখর হয়ে ওঠে।

কিন্তু মনোনয়ন ফরম উত্তোলনের শেষ পর্যায়ে নির্বাচন কমিশনের ওপর ‘ব্রাকসু-বিরোধী একটি গোষ্ঠীর’ চাপ সৃষ্টি করে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি চাপ, হুমকি এবং পদত্যাগের ইঙ্গিতের মধ্য দিয়ে কমিশন অযৌক্তিকভাবে খসড়া ভোটার তালিকার অসঙ্গতির অজুহাত দেখিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন ও কমিশনের উদাসীনতা, দায়িত্বহীনতা এবং সময়ক্ষেপণই নির্বাচনী প্রক্রিয়াকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। তারা বলেন, “শিক্ষার্থীদের আবেগ নিয়ে টালবাহানা করা হচ্ছে। আশ্বাস ছাড়া কোনো কার্যকর পদক্ষেপ নেই।”

ইতোমধ্যে নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন পুনরায় শুরু করেছেন। দাবি তোলায় বাধা দিতে ব্রাকসু-বিরোধী গোষ্ঠীর প্রকাশ্য হুমকির কথাও তারা উল্লেখ করেন। তবে এসব সত্ত্বেও তারা নিজেদের অবস্থান থেকে সরে আসবেন না বলে দৃঢ় ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দুটি স্পষ্ট দাবি পেশ করেন,
১. আজকের মধ্যেই তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করতে হবে।
২. ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখেই ভোটগ্রহণ সম্পন্ন করতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, “জুলাই বিপ্লবে আমরা দেখিয়েছি অধিকার আদায়ে কীভাবে ঐক্যবদ্ধ হতে হয়। এবারও প্রয়োজনে কঠোর আন্দোলনে নামতে প্রস্তুত আমরা।”

রাকিবুল হাসান মুন্না
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

শেয়ার করুন