গুম-নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রীয় খরচে (স্টেট ডিফেন্স) নিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমীর হোসেনকে নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেওয়া হয়। অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে, ২৩ নভেম্বর জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে শেখ হাসিনার পক্ষে মামলায় নিযুক্ত করা হয়েছিল। কিন্তু তিনি নিজেই মামলায় লড়বেন না বলে জানান। শুনানির নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় তাকে তলব করা হয়। পরে মাত্র ২০ মিনিটের মধ্যে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
আদালত উল্লেখ করে, একজন সিনিয়র আইনজীবীর কাছ থেকে গুরুত্বপূর্ণ মামলায় এমন অনিশ্চয়তা প্রত্যাশিত নয়। এরপর আদালত অ্যাডভোকেট আমীর হোসেনকে এই মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত করেন।
মামলাগুলোর মধ্যে একটি টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুমের ঘটনা। এতে শেখ হাসিনাসহ মোট ১৭ জন আসামি আছেন, যার মধ্যে ১০ জন গ্রেফতার। গ্রেফতার আসামিরা ছিলেন র্যাবের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা। অন্য ৭ জন পলাতক।
অন্য মামলাটি জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের ঘটনা সম্পর্কিত, যেখানে শেখ হাসিনাসহ ১৩ জন আসামি। এর মধ্যে তিনজন গ্রেফতার, বাকিরা পলাতক।
সিএনআই/২৫