
পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানা নির্মমভাবে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে নিশি রহমান (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে পৌরসদরের রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী।
এর আগে একই রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে প্রাণী নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
ঘটনাটি ঘটে গত রোববার (৩০ নভেম্বর) উপজেলার আবাসিক এলাকায় গেজেটেড ভবনে। সেখানে থাকা একটি মা কুকুর সম্প্রতি ৮টি ছানা জন্ম দিয়েছিল। সন্ধ্যার পর ছানাগুলোকে হঠাৎ না পেয়ে মা কুকুরটির উদ্বেগ ও কান্নার শব্দে আশপাশের মানুষ বিষয়টি টের পান। পুরো রাতজুড়ে মা কুকুরটি বিভিন্ন বাসার দরজায় ঘুরে তার সন্তানের খোঁজ করতে থাকে।
পরদিন সকালে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নয়নের ছোট ছেলে জানায় যে তার মা ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছেন। পরে পুকুরে ভাসমান একটি মুখ বাঁধা বস্তা থেকে ৮টি মৃত কুকুরছানা উদ্ধার করা হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। অনেকেই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন পোস্ট করেন।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, নিশি রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।
সিএনআই/২৫