
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার আগে দেশের ৫২৭ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন সম্পন্ন হয়েছে। এটি প্রথমবারের মতো লটারির মাধ্যমে করা হলো। নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে লটারির আগে বিভিন্ন ইউনিট প্রধানের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকদের তালিকা সংগ্রহ করা হয়। সেই তালিকার ভিত্তিতেই পদায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
লটারিতে নির্বাচিত ৫২৭ কর্মকর্তার তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ আছে। তবে মেট্রোপলিটন এলাকার থানাগুলিতে এই লটারি প্রক্রিয়া প্রযোজ্য হয়নি।
রেঞ্জ অনুযায়ী পদায়ন:
-
ঢাকা রেঞ্জ: ১৩ জেলায় ৯৮ থানার ওসি
-
চট্টগ্রাম রেঞ্জ: ১১ জেলায় ১১১ থানার ওসি
-
খুলনা রেঞ্জ: ১০ জেলায় ৬৪ থানার ওসি
-
ময়মনসিংহ রেঞ্জ: ৪ জেলায় ৩৬ থানার ওসি
-
বরিশাল রেঞ্জ: ৬ জেলায় ৪৬ থানার ওসি
-
সিলেট রেঞ্জ: ৪ জেলায় ৩৯ থানার ওসি
-
রাজশাহী রেঞ্জ: ৮ জেলায় ৭১ থানার ওসি
-
রংপুর রেঞ্জ: ৮ জেলায় ৬২ থানার ওসি
প্রতিটি রেঞ্জে ওসিদের আলাদা নামের তালিকাও প্রস্তুত করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, দেশে মোট ৬৩৯টি থানা রয়েছে। এর মধ্যে ৫২৭টি জেলা পর্যায়ের এবং ১১০টি মেট্রোপলিটন এলাকায়। মেট্রোপলিটন থানাগুলোতে লটারির পরিবর্তে সংশ্লিষ্ট কমিশনাররা অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের দায়িত্ব পালন করবেন।
এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছিল।
সিএনআই/২৫