ইউটিউব ব্যবহারকারীদের আরও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা দিতে নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে। ‘ইউর কাস্টম ফিড’ নামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারবেন হোম পেজে কোন ধরনের ভিডিও দেখবেন।
বর্তমানে অনেক সময় হোম পেজে এমন ভিডিও দেখা যায়, যেগুলো ব্যবহারকারীর আগ্রহের সঙ্গে মিলে না। ইউটিউবের অ্যালগরিদমের ভুল সুপারিশের কারণে রান্না, শিশুদের ভিডিও বা অন্যান্য অপ্রাসঙ্গিক বিষয় বারবার হোম পেজে প্রদর্শিত হয়।
নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারী হোম বাটনের পাশে ‘Your Custom Feed’ অপশন থেকে বিষয় নির্ধারণ করতে পারবেন। উদাহরণস্বরূপ, cook বা cooking লিখলেই হোম পেজে রান্নাবিষয়ক ভিডিও বেশি দেখাবে ইউটিউব। এতে ব্যবহারকারী নিয়ন্ত্রণে থাকবেন এবং অ্যালগরিদমের ভুল প্রভাব কমবে।
ফিচারটি বর্তমানে পরীক্ষামূলকভাবে সীমিত ব্যবহারকারীর জন্য চালু রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটি সবার জন্য উপলব্ধ হতে পারে। ইউটিউবের উদ্দেশ্য ব্যবহারকারীর নিরাপত্তা এবং অভিজ্ঞতা উন্নত করা। সম্প্রতি কিশোরদের দীর্ঘ সময় ভিডিও দেখাকে কমানোর জন্য দৈনিক সীমা নির্ধারণের মতো ফিচারও যুক্ত করা হয়েছে।
নতুন কাস্টম ফিড ব্যবহারকারীর ইউটিউব অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত, নিয়ন্ত্রিত এবং কার্যকর করবে।
সিএনআই/২৫