
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের নির্বাচনের জন্য ছয় সদস্যের নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ১১৭তম (জরুরি) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
বিশ্ববিদ্যালয়ের “কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫” অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদনক্রমে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে।
নবগঠিত কমিশনে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. শাহ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ; ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার; ইংরেজি বিভাগের প্রধান ড. মোহসীনা আহসান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, নবগঠিত কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের গণতান্ত্রিক নেতৃত্বের চর্চা আরও শক্তিশালী করবে।
উল্লেখ্য, গত সপ্তাহেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের জন্য গঠিত পূর্ববর্তী কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান দায়িত্ব পাওয়ার একদিনের মাথায় অব্যাহতি চান। তিনি বর্তমানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, নবগঠিত কমিশনের সদস্যরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তারা দ্রুত নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এটিই হতে যাচ্ছে প্রথম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।
রাকিবুল হাসান মুন্না
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
সিএনআই/২৫